২০২৬ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আজ বুধবার ঢাকায় এসে পৌঁছেছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ফুটবলের এই শ্রেষ্ঠত্বের প্রতীকী ট্রফি বাংলাদেশে এলেও সাধারণ দর্শকদের জন্য এটি সরাসরি দেখার সুযোগ সীমিত। একটি বহুজাতিক পানীয় প্রস্তুতকারক সংস্থার বিশেষ প্রচারণামূলক কর্মসূচির মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিই কেবল এই ঐতিহাসিক ট্রফিটি কাছ থেকে দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
ওই সংস্থার ‘আন্ডার দ্য ক্যাপ’ শীর্ষক প্রচারণামূলক কর্মসূচিতে অংশ নেওয়া বিজয়ীরাই কেবল এই বিশেষ সুযোগ পাচ্ছেন। গত ৮ জানুয়ারি শেষ হওয়া এই কর্মসূচিতে, নির্দিষ্ট মোড়কের পানীয় কিনে কিউআর কোড স্ক্যান এবং ফিফা-বিষয়ক কুইজে অংশ নিয়ে বিজয়ীরা ট্রফি দেখার এক্সক্লুসিভ পাস অর্জন করেন।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এটি ষষ্ঠ আসর। গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বিশ্ব সফরের আনুষ্ঠানিক সূচনা হয়। ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো এই ট্রফি ট্যুরের উদ্বোধন করেন। বিশ্বের ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ১৫০ দিনেরও বেশি সময় ধরে ভ্রমণ করবে ফুটবলের এই মহামূল্যবান ট্রফি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
রিপোর্টারের নাম 
























