বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে এবং সাবেক বিএনপিনেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার তিনি নিজেই ফেসবুক লাইভে এসে এই খবরটি জানিয়েছেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার থেকেই এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে শুরু করেছেন।
ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ছিলেন। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিতে তিনি সদস্য হিসেবে ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন।
আওয়ামী লীগের এই প্রতিকূল সময়ে কেন তিনি এই দলে যোগ দিলেন, এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের মধ্যে যে স্বপ্ন ও চেতনা ছিল, এক বছর পার হয়ে গেলেও দেখা যাচ্ছে, রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা হচ্ছে। সেই চেষ্টাকে রুখে দেওয়ার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং বাংলাদেশের মানুষের একমাত্র ভরসা। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’ তবে ঠিক কী প্রক্রিয়ায় বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন, সেই বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন ফয়জুল করিম মুবিনের কোনো পদ নেই। এছাড়াও, তার মাথাও ঠিক নেই। তাই তার আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো গুরুত্ব নেই।
রিপোর্টারের নাম 
























