প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ভারতে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দল ইতোমধ্যে মালয়েশিয়াতে প্রস্তুতিমূলক ম্যাচ খেলে এসেছে। কথা ছিল এই মাসের শেষের দিকে সুইজারল্যান্ডেও যাবে। সেখানে স্বাগতিক দেশ ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলার সূচি নির্ধারিত ছিল। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ দলের সেখানে যাওয়া হচ্ছে না বলেই অনেকটা নিশ্চিত হয়েছে হকি ফেডারেশন।
এখন পর্যন্ত ২৬ জনের দলের মধ্যে মাত্র একজনের ভিসা হয়েছে। ঢাকার সুইস দূতাবাস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এত অল্প সময়ে সবার ভিসা দেওয়া কঠিন হবে। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বলে আমরা প্রায় নিশ্চিত। দলের একজন ছাড়া আর কারও ভিসা হয়নি। ভিসার জন্য স্লটই পাওয়া যাচ্ছে না। ওরা বলেছিল আরও আগে ভিসার জন্য আবেদন করতে। কিন্তু সুইজারল্যান্ড থেকে আমন্ত্রণ পেয়েছি কিছুদিন আগে। এখানে আমাদের আসলে কিছু করার নেই। এখন আগামীকাল ভিসার বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে। ভিসা না পেলে তো আর কিছু করার থাকবে না।’
আপাতত ডাচ কোচ আইকম্যানের তত্ত্বাবধানে মওলানা ভাসানী স্টেডিয়ামে দলের অনুশীলন চলছে।
রিপোর্টারের নাম 

























