ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন, তা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় তাদের যেতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে সেই ধারণা দেওয়া প্রয়োজন। সচিবালয়ে যাদের ‘চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর’ বলা হয়, তাদের সরানোর দাবি জানান বিএনপি মহাসচিব। বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদেরও সরানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, যদিও বিচার বিভাগের বিষয়টি প্রধান উপদেষ্টার এখতিয়ারভুক্ত নয়, এর পরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা, তাই বিষয়টি নিয়ে তাঁকে উদ্যোগ নিতে হবে।
তিনি যোগ করেন, পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদোন্নতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
রিপোর্টারের নাম 























