মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রীর মামলা
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে তেজগাঁও থানায় এই মামলাটি করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা আজ বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুসাব্বিরের স্ত্রীর দায়ের করা মামলায় সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত চালাচ্ছে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাত পৌনে ৯টার দিকে তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের স্টার কাবাব সংলগ্ন গলিতে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মুসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রিপোর্টারের নাম 























