বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলগতভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক দলে অনেক যোগ্য প্রার্থী থাকেন। তবে সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বৃহত্তর স্বার্থে অনেক সময় যোগ্য নেতাদেরও মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। ফলে অনেকের মনে ক্ষোভ থাকতে পারে। এ নিয়ে আমরা এরই মধ্যে কিছু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং অনেককে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। আশা করা যাচ্ছে, দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি জানান, এই সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের কবর জিয়ারত করা পুরো জাতির প্রত্যাশা। এই চেতনাকে সমুন্নত রাখতেই তারেক রহমান সেখানে যাচ্ছেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয়। বরং শহীদদের আত্মত্যাগকে আরও গৌরবান্বিত করা আমাদের দায়িত্ব। একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যখন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন, তখন তিনি মূলত জাতির আকাক্ষাকেই ধারণ করেন।
রিপোর্টারের নাম 























