আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজধানীসহ সারা দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ভৌগোলিক অবস্থানের কারণে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলাকে এই মোতায়েনের আওতার বাইরে রাখা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ইতিমধ্যে মোট ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে তারা মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।
পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে বিজিবি এবং তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবেন।
এবারের সংসদ নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ৩০০টি সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজার কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পুরো নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে বিভিন্ন বাহিনীর ৮ লক্ষাধিক সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় বড় ভূমিকা পালন করবেন আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য। এছাড়া ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্ট গার্ডও নির্বাচনী এলাকায় বিশেষ দায়িত্ব পালন করবে।
রিপোর্টারের নাম 





















