ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর জবাবে ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পেত্রো বলেছেন, সাহস থাকলে আমাকেও তুলে নিয়ে যান, আমি এখানেই অপেক্ষা করছি।
কলম্বিয়ার প্রেসিডেন্টের এই অবস্থান অনেকটা ভেনেজুয়েলার সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতোই। মাদুরোও একইভাবে ট্রাম্পকে মোকাবিলা করার ঘোষণা দিয়েছিলেন। তবে গত শনিবার মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো তার গেরিলা জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রয়োজনে তিনি আবারও অস্ত্র হাতে তুলে নেবেন। নব্বইয়ের দশকে স্বাভাবিক জীবনে ফিরে আসা সাবেক এই বামপন্থি গেরিলা নেতা লেখেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমি রক্ষায় হয়তো আমাকে সেই পথেই ফিরতে হবে। তিনি আরও সতর্ক করেন যে, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় হামলা চালায় বা তাকে আটক করার চেষ্টা করে, তবে পুরো দেশজুড়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
এর আগে গত রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকে একজন অসুস্থ মানুষ হিসেবে আখ্যা দেন। কলম্বিয়ার বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ তুলে ট্রাম্প সেখানেও সামরিক অভিযানের ইঙ্গিত দেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে কোকেন উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কলম্বিয়ার পরিচিতি রয়েছে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে দক্ষিণ আমেরিকায় নতুন করে অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























