দেশের বন ও বৃক্ষ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে কোনো গাছে পেরেক লাগানো বা ধাতব বস্তু দিয়ে ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ২০২৬ জারি করে এই বিধান কার্যকর করেছেন রাষ্ট্রপতি। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, বাণিজ্যিক কারণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে গাছের গায়ে পেরেক ঠোকা বা ধাতব বস্তুর মাধ্যমে ক্ষতি করা আইনত অপরাধ। এই বিধান কেউ অমান্য করলে আদালত তাকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। এই আইন বাস্তবায়নের জন্য বিভাগীয় বন কর্মকর্তাদের বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হবে।
অধ্যাদেশে আরও জানানো হয়েছে যে, সরকারি বন, সামাজিক বন, শিক্ষা প্রতিষ্ঠান বা যেকোনো পাবলিক স্পেসের গাছ কাটার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। এমনকি সংরক্ষিত তালিকার কোনো গাছ যদি ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও থাকে, সেটি কাটার জন্য নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে পূর্বানুমতি নিতে হবে। গাছের প্রজাতি, সংখ্যা ও উচ্চতাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আবেদন করার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে। নিয়ম ভেঙে গাছ কাটার অপরাধে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি বন কর্মকর্তাদের মামলা দায়ের, তদন্ত, তল্লাশি এবং মালামাল জব্দের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এই নতুন আইনে।
রিপোর্টারের নাম 




















