হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটি। বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমানের স্বাক্ষরিত এই নোটিশ তাকে পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৪ জানুয়ারি নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দুটি পৃথক অভিযোগ জমা পড়ে। প্রথম অভিযোগটি দায়ের করেন নবীগঞ্জের ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু। তার অভিযোগ অনুযায়ী, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় ড. রেজা কিবরিয়া তার কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।
দ্বিতীয় অভিযোগটি করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার মসফিকুজ্জামান চৌধুরী নোমান। অভিযোগে বলা হয়, গত ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে ড. রেজা কিবরিয়া নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন। উভয় অভিযোগের সঙ্গেই ঘটনার প্রমাণ হিসেবে দুটি করে ছবি সংযুক্ত করা হয়েছে।
এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে আনীত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো অনুসন্ধান করে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত সুপারিশ পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন জানিয়েছিল যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
রিপোর্টারের নাম 

























