২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সংঘটনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই মামলায় জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আন্দোলন চলাকালীন সময়ে তারা দুজন মুঠোফোনে আলাপ-আলোচনার মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেন। একইসঙ্গে, ইন্টারনেটের মূল লাইন পোড়ানো হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়ে সেই দায় শিক্ষার্থীদের ওপর চাপানোর অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এই মামলায় জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার আছেন। অন্যদিকে, আদালত অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 





















