ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে পতাকা বৈঠকের পর শাকিল আহমেদ (২৪) নামের ওই যুবককে হস্তান্তর করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আখাউড়া উপজেলার হীরাপুর সীমান্ত হয়ে সোমবার ভোরে ভারতে অনুপ্রবেশ করেন শাকিল আহমেদ। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া এলাকায় বিএসএফের একটি টহলদল তাকে আটক করে।
ঘটনাটি জানাজানি হলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফের লঙ্কামুড়া ক্যাম্প ও বিজিবির ফকিরমুড়া কোম্পানির মধ্যে হীরাপুর সীমান্তবর্তী এলাকায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ জওয়ানরা আটক বাংলাদেশি যুবক শাকিলকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
পরে আটক শাকিল আহমেদকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























