ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে (ইসি) ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। সোমবার আপিল কার্যক্রম শুরুর দিনেই এই সংখ্যক আবেদন জমা হয়।
জমা পড়া ৪২টি আপিলের মধ্যে ৪১টি এসেছে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে। আর একটি আবেদন করা হয়েছে মনোনয়নপত্র গ্রহণ করার সিদ্ধান্তের বিরুদ্ধে।
মোট দশটি অঞ্চলের মধ্যে নয়টি অঞ্চল থেকে প্রথম দিনে আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ১৫টি আপিল করা হয়েছে। এছাড়া, ফরিদপুর থেকে ৭টি; রাজশাহী ও কুমিল্লা থেকে ৫টি করে; রংপুর ও খুলনা থেকে ৩টি করে; বরিশাল ও ময়মনসিংহ থেকে ১টি করে এবং চট্টগ্রাম থেকে ২টি আপিল জমা পড়েছে। তবে প্রথম দিনে সিলেট অঞ্চল থেকে কোনো আপিল জমা পড়েনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও গ্রহণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত যেকোনো ব্যক্তি নির্বাচন কমিশনে এই আপিল জমা দিতে পারবেন।
জমা পড়া আপিলগুলো নিষ্পত্তির জন্য আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশনের পক্ষ থেকে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 






















