যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, একজন ব্যক্তি তার ওহাইয়োর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। নির্বাচিত জনপ্রতিনিধিদের লক্ষ্য করে বাড়তে থাকা রাজনৈতিক সহিংসতার আরেকটি উদাহরণ হিসেবে তিনি এই ঘটনাকে উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, “যতটা বুঝতে পারছি, একজন উন্মাদ ব্যক্তি জানালায় হাতুড়ি দিয়ে আঘাত করে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল।”
তিনি আরও বলেন, “দ্রুত সাড়া দেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও সিনসিনাটি পুলিশকে ধন্যবাদ। আমরা তখন বাড়িতে ছিলাম না, আগেই ওয়াশিংটন ডিসিতে ফিরে গিয়েছিলাম।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্রের বরাতে জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করেছে এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ভ্যান্স গণমাধ্যমকে অনুরোধ করেছেন, জানালার ক্ষয়ক্ষতি দেখা যায়, এমন ছবি যেন প্রকাশ না করা হয়।
ভ্যান্স নিরাপত্তা সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, ঘটনার সময় তাঁর পরিবার বাড়িতে উপস্থিত ছিল না।
এ বিষয়ে সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা যেন বেড়েই চলছে। এর মধ্যে রাজনীতিকদের বাড়িতে গুলি ও অগ্নিসংযোগের মতো হামলাও রয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
রিপোর্টারের নাম 






















