অবসরপ্রাপ্ত মার্কিন লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরানোর পরে কী করা হবে, তা যুক্তরাষ্ট্র সরকার সত্যিই ভেবেছে বলে আমার মনে হয় না। তার মতে, ইরাক যুদ্ধ ও আফগানিস্তান অভিযানের শুরুতে মার্কিনিদের মাঝে যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, সেই একই মানসিকতা আবার ফিরে আসছে। এই ধরনের আত্মবিশ্বাস ভয়াবহ ভুলের দিকে নিয়ে যায় বলে তিনি সতর্ক করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বেন হজেস বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরানো ছিল যুক্তরাষ্ট্রের জন্য সহজ অংশ; আসল চ্যালেঞ্জ শুরু হবে এরপর।
ভেনেজুয়েলায় সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে হজেস বলেন, স্পষ্ট কৌশলগত লক্ষ্য এবং সুপরিকল্পিত রাজনৈতিক ও বেসামরিক প্রস্তুতি ছাড়া এমন অভিযান অত্যন্ত কঠিন। এখন যা ঘটছে, সেটার সঙ্গে ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযান চালানোর পরে উদ্ভূত পরিস্থিতির মিল আছে।
ইউরোপে মার্কিন সেনাবাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল হজেস আরও বলেন, কিউবাও বুঝতে পারছে যে তারা এই প্রশাসনের লক্ষ্যবস্তুতে রয়েছে। ভেনেজুয়েলার তেল ছাড়া কিউবার সরকার টিকতে পারবে না। এ কারণেই ভেনেজুয়েলার ভেতরে প্রায় ৩০ হাজার কিউবান কর্মকর্তা রয়েছেন।
তার মতে, বিষয়টি এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ আগে প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে যুক্তরাষ্ট্র যে পশ্চিম গোলার্ধে আধিপত্য বজায় রাখতে চায়, বর্তমান মার্কিন প্রশাসন এখন সেটাই বাস্তবায়ন করছে।
৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে মার্কিন বাহিনী। আগামী সপ্তাহে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগগুলোর বিচারিক কার্যক্রম শুরু হতে পারে।
রিপোর্টারের নাম 























