ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি বলেছেন, ভেনেজুয়েলা কোনও আলোচনা করবে না এবং কারও কাছে নতি স্বীকার করবে না। বরং ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ খবর জানিয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনীর সব শাখাকে পূর্ণ সক্রিয় বা টোটাল মোবিলাইজেশন–এর নির্দেশ দিয়েছেন লোপেজ। তিনি বলেন, আমরা একটি উদ্দেশ্য নিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে টিকে থাকব, আর তা হলো, বিজয়। আমাদের ভিত্তি হলো শান্তি, তবে আমরা সবসময় স্বাধীনতার জন্য লড়াই করব।
প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনও দরকষাকষি হতে পারে না। তিনি বলেন, পূর্বপুরুষদের কাছে আমরা যে অঙ্গীকার করেছি, তাতে আমরা অবিচল থাকব। যেকোনও আগ্রাসন বা যুদ্ধের বিরুদ্ধে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব।
দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিন্তু এই কঠিন সময়ে আমাদের শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে মার্কিন হামলার পর এক জাতীয় ভাষণে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জনগণকে শান্ত থাকার অনুরোধ করেছেন। তিনি বলেন, আমাদের নেতৃত্বের ওপর আস্থা রাখুন। রাজনৈতিক ও সামরিক উচ্চ কমান্ড এই পরিস্থিতি মোকাবিলা করছে।
কাবেলো আরও বলেন, হতাশ হবেন না। যে ‘সন্ত্রাসী শত্রু’ কাপুরুষের মতো আমাদের ওপর আক্রমণ করেছে, তাদের জন্য পরিস্থিতি সহজ করে দেবেন না।
রিপোর্টারের নাম 






















