মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ দোকান মালিকের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেলের আঘাতে দোকানমালিক আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে তেরোঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত দোকান মালিক নাহিদ হাসান তেরোঘরিয়া গ্রামের বেগা শেখের ছেলে।
পুলিশ জানায়, নাহিদ হাসানের মালিকানাধীন ‘এমএস টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স’ দোকানটি বন্ধ করার সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা দোকানের নগদ ও বিকাশ লেনদেনের দুই লাখ টাকা তার কাছে থাকা ব্যাগ থেকে ছিনিয়ে নেয়। নাহিদ হাসান বাধা দিলে ছিনতাইকারীরা রামদা দিয়ে আঘাত করে এবং পালিয়ে যাওয়ার সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আহত নাহিদ হাসান জানান, তিনি প্রতিরোধ করতে গেলে ককটেল বিস্ফোরণের ফলে তার হাতে আঘাত লাগে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ককটেল হামলায় বিকাশ দোকান মালিক আহত হয়েছেন এবং তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
রিপোর্টারের নাম 

























