জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ছয় দিন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই নতুন তারিখ চূড়ান্ত করা হয়।
বিকেলে সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু এদিন ভোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আসার পর জকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ সিদ্ধান্তের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনের অনুষ্ঠানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে তারা উপাচার্য ভবনের ফটক অবরোধ করে সেখানে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েক দফা আলোচনার পর বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়। জকসু নির্বাচন কমিশন জানিয়েছে, স্থগিত হওয়া ভোটগ্রহণের বিষয়ে শীঘ্রই সংশোধিত সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা সংবলিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
রিপোর্টারের নাম 

























