রাজধানীর রামপুরার সিএনজির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা এই পুরুষের বয়স আনুমানিক (৬০) বছর হতে পারে। তার পরনে ছিল কালো গেঞ্জি ও লুঙ্গি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই মো. শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রামপুরার ডিআইটি রোডে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি।
তিনি জানান, সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩৬ মিনিটে মারা যায় তিনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সিএনজিটি তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি বলেও জানান এসআই শফিকুল ইসলাম।
রিপোর্টারের নাম 

























