বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা জানায়, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার উপস্থিতি কেবল রাষ্ট্র ক্ষমতার পালাবদলের স্মারক নয়; বরং তা এ সমাজের রাজনৈতিক চর্চা, বিতর্ক ও গণতন্ত্রের পথচলার নানা বাস্তবতার প্রতিফলন।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বসহ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবন, নেতৃত্বের অভিজ্ঞতা এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান এ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নানা বাঁক ও অভিঘাতের সাক্ষ্য বহন করে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার উপস্থিতি কেবল রাষ্ট্র ক্ষমতার পালাবদলের স্মারক নয়; বরং তা এ সমাজের রাজনৈতিক চর্চা, বিতর্ক ও গণতন্ত্রের পথচলার নানা বাস্তবতার প্রতিফলন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় শাসনব্যবস্থার সঙ্গে তার সম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিসরে দীর্ঘ ভূমিকা ইতিহাসের বিচারে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে থাকবে।
এই শোকাবহ মুহূর্তে আইন ও সালিশ কেন্দ্র (আসক) মরহুমার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছে এবং তার পরিবার-পরিজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও সহানুভূতিশীল সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
রিপোর্টারের নাম 

























