পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামে এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের লাদেন মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার আহমেদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাঁচলাইশ পূর্ব নাছিরাবাদ এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রুশ কোম্পানি ‘নিকিমথ’-এ দোভাষী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কর্মস্থলের সুবাদে আনোয়ার আহমেদ সাহাপুর ইউনিয়নের লাদেন মোড় এলাকার একটি ভাড়া বাসায় একাই থাকতেন। দশ দিনের ছুটি শেষে গত শুক্রবার তিনি চট্টগ্রাম থেকে ঈশ্বরদীর ভাড়া বাসায় ফিরেছিলেন।
শনিবার রাত পর্যন্ত দীর্ঘ সময় তাঁর ঘরের দরজা বন্ধ থাকা এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিক হাবিবুর রহমানের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে আনোয়ার আহমেদের মরদেহ উদ্ধার করে।
দোভাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর। তিনি জানান, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।”
বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রিপোর্টারের নাম 























