হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ইমারজেন্সি হ্যান্ডেল’ বা জরুরি পরিস্থিতি হিসেবে মোকাবিলা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি এই পরিস্থিতিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে এই আগুন লাগে। খবর পাওয়ার সাথে সাথেই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের ঘটনার পরপরই এক অডিও বার্তায় নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “আমাদের শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিদুর্ঘটনা নেভানোর জন্য আমাদের বিমানবন্দর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী থেকে ফায়ার ইউনিট এসে কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে কাজ করছে।”
তিনি আরও বলেন, “আমরা একটি ইমারজেন্সি হ্যান্ডেল করছি। একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি, এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছি। আমাদের ইমারজেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার সুযোগ দিন।”
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন, “এই সময়ে আমাদেরকে কল দিয়ে ডাইভার্ট করবেন না। সহযোগিতা করুন।”
রিপোর্টারের নাম 




















