রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ভয়াবহ আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে আনতে সম্মিলিতভাবে কাজ করছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ দেওয়ায় এখন মোট ৩৬টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণও বাড়তে থাকে। এই ধোঁয়া প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত আগুন নেভানোর কাজে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
রিপোর্টারের নাম 




















