বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, কোনো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলো কি করলো না, সেই বিষয়টি আসন্ন জাতীয় নির্বাচনে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না।
শনিবার সকালে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এই জাতি মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে আমরা বাংলাদেশের রাজনীতিতে যে বড় পরিবর্তন আনতে চাই, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।”
বর্তমান সময়ে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা যে সবচেয়ে বেশি জরুরি, সেই বিষয়ে জোর দিয়ে তিনি আরও বলেন, “গতকাল জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়েই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ হবে। রাষ্ট্রের সব অঙ্গের মধ্যে ভারসাম্য রক্ষা হবে এবং সব মৌলিক অধিকার ভোগ করা ও বাস্তবায়ন করা সম্ভব হবে।”
বিএনপির এই নেতা মনে করেন, ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির নিয়মিত চর্চার মাধ্যমেই একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে সালাহউদ্দিন বলেন, “আরও সময় রয়েছে। আশা করি, এই সময়ের মধ্যেই বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে।” তিনি মনে করিয়ে দেন, “গণতন্ত্রে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই, ভিন্ন মত থাকতেই পারে। গণতান্ত্রিক পথ সবার জন্য উন্মুক্ত।”
আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা গতকালও স্পষ্টভাবে দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি নিয়ে আমি নিজেও কথা বলেছিলাম। এমনকি ঐকমত্য কমিশনের সহ-সভাপতিও পরবর্তীকালে তাদের দাবি অনুযায়ী সনদে প্রয়োজনীয় সংশোধনও করেছেন। এরপরেও তাদের অসন্তুষ্টি থাকার কথা নয়।” তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “দেখা গেছে জুলাই যোদ্ধা নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক সেখানে ঢুকেছে। আমি মনে করি, তারাই হলো আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী।”
সালাহউদ্দিন আহমদ দাবি করেন যে, সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি থাকতে পারে না।
রিপোর্টারের নাম 
























