আর্থিক অপরাধ প্রতিরোধে ইতালির সঙ্গে ‘পারস্পরিক আইনি সহায়তা চুক্তি’ (MLAT) এবং ‘প্রত্যর্পণ চুক্তি’ সই করতে চায় বাংলাদেশ।
শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর ইতালির রাজধানী রোমে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী/স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), এবং ইতালির পক্ষে নেতৃত্ব দেন সেদেশের ইন্টেরিয়র মিনিস্টার মাত্তেও পিয়ানতেদোসি।
ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনায় অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ, এবং অগ্নি দুর্ঘটনায় তদন্তের সক্ষমতা বৃদ্ধি’সহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা এবং পাচার রোধের উদ্দেশ্যে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। এছাড়াও মানব পাচার মোকাবিলায় একটি যৌথ টাস্ক ফোর্স গঠন, পাচারের শিকার হওয়া ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা চলাকালীন আর্থিক অপরাধ দমনের লক্ষ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) এবং প্রত্যর্পণ চুক্তি সইয়ের প্রস্তাব দেয় বাংলাদেশ। এর পাশাপাশি ফরেনসিক তদন্তের সক্ষমতা বাড়ানো এবং অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্তের সক্ষমতা বাড়ানোর জন্য ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দিয়েছে।
বৈঠক শেষে উভয় দেশের মন্ত্রীরা এই আলোচনাকে ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
রিপোর্টারের নাম 




















