ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন এবং সনদে স্বাক্ষরও করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ধারার চারটি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেননি। ফলস্বরূপ, জুলাই সনদে এসব দলের পক্ষ থেকে কোনো স্বাক্ষর করা হয়নি।
জুলাই সনদে স্বাক্ষর না করা বাম ধারার চারটি রাজনৈতিক দল হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান। এসময় সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও অতিথিরা উপস্থিত থাকলেও এনসিপি এবং উল্লিখিত চারটি বাম রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়নি।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেন যে, এনসিপির কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। তিনি জানান, অনুষ্ঠান বর্জনের কারণ আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা আপাতত জুলাই সনদে স্বাক্ষর করবে না। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে।
অন্যদিকে, বাম ধারার চারটি দল জানায় যে, জুলাই সনদ সংশোধন করা না হলে তারা এতে স্বাক্ষর করবেন না। এই সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার বিকেলে দলগুলোর নেতারা সংবাদ সম্মেলন করেন। সেখানে জানানো হয়, জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে বাম ধারার এই চারটি দল সনদে সই করবে না।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির নিশ্চিত করেছেন যে, সিপিবিসহ চার বাম দলের নেতাদের কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। তিনি বলেন, “আমরা কালই (বৃহস্পতিবার) আমাদের অবস্থান জানিয়েছি।”
রিপোর্টারের নাম 




















