সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে।
বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এটি কার্যকর হবে।
বহিষ্কৃত নেতারা হলেন—সাবেক সহসভাপতি নিউটন দত্ত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নকিব হোসেন চৌধুরী এবং আবু শাহদাত মোহাম্মদ আদিল। এদের তিনজনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনাও প্রদান করা হয়েছে।
রিপোর্টারের নাম 























