বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন যে, জাতীয় ঐক্য গঠনে কিছু রাজনৈতিক দল ‘ক্ষুদ্র স্বার্থের’ পরিচয় দিচ্ছে। তিনি বলেন, জুলাই সনদের বেশ কিছু বিষয়ে পূর্বে আপত্তি থাকলেও, দেশ, জাতি ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে বিএনপি আলোচনার টেবিলে সেসব ইস্যু মেনে নিয়ে ঐক্যের পথে আন্তরিকতার প্রমাণ দিয়েছে।
তবে প্রিন্স উল্লেখ করেন, কয়েকটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি। তারা চূড়ান্ত মুহূর্তেও নানা শর্ত আরোপ করে জাতিকে হতাশ করছে। তিনি সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধের লক্ষ্যে খোলা মন নিয়ে ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের বাজারে গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে প্রিন্স এসব কথা বলেন। গণসংযোগের সময় তিনি জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফার রূপরেখা এবং জনকল্যাণে বিএনপির আগামী পরিকল্পনাসমূহ সম্বলিত লিফলেট তুলে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। তিনি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ এবং দেশের প্রতিটি এলাকার সুষম উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।
তিনি উপস্থিত সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, ধানের শীষ হলো গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, উৎপাদন ও প্রগতির প্রতীক। এছাড়া, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা অবৈধ বা অনৈতিক পথে পা বাড়াবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। নির্বাচনকে নির্বিঘ্ন করতে এবং জনগণের আস্থা বজায় রাখতে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় সদস্য সচিব আনিসুর রহমান মনিকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























