সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে জানাজা শেষে হেলিকপ্টারযোগে তাদের মরদেহ নিজ নিজ গ্রামে পাঠানো হবে।
যেভাবে গ্রহণ করা হলো বীরদের
শনিবার সকাল ১১টা ০৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি (EK-582) ঢাকার মাটি স্পর্শ করে। বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা (ডিএমও, ডিওও)।
এ সময় মরদেহের সঙ্গে উগান্ডা থেকে এসেছেন জাতিসংঘের প্রতিনিধি মেসেলো বরিস এফ্রেম চৌমাভি (Messelo Boris Ephrem Tchoumavi)। বর্তমানে শহীদদের মরদেহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে।
কাল জানাজা ও দাফন
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘ উইংয়ের মহাপরিচালকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
জানাজা শেষে সকাল ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে শহীদদের মরদেহ তাদের নিজ নিজ জেলায় (বগুড়া, যশোর, ঘাটাইল ও রংপুর এরিয়া) পাঠানো হবে। এরপর নিজ গ্রামের বাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন হবে।
ফিরে দেখা
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এই ৬ বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। বিশ্বশান্তি রক্ষায় তাদের এই আত্মত্যাগ বাংলাদেশ ও জাতিসংঘের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
রিপোর্টারের নাম 


















