ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত শিং বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানী ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক ও প্রাতরাশ অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে কানাডিয়ান হাইকমিশনার জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা চাওয়া হয়। এ ছাড়াও, বাংলাদেশে একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে উভয়পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়।
উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত ও শক্তিশালী হবে।
এই বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের পক্ষ থেকে পলিটিক্যাল কাউন্সিলর মি. মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস. ডেবরা বয়েস এবং পলিটিক্যাল অ্যাডভাইজার মি. নিসার আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
রিপোর্টারের নাম 























