আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন।
বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আইনি ভিত্তি ছাড়া কোনও ‘নাটকীয়তায়’ অংশ নেবে না এনসিপি।”
তিনি ব্যাখ্যা করেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি। বরং একটি ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের জন্য হয়েছিল। সেই সূত্র ধরেই আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলেছিলাম।”
এনসিপি আহ্বায়ক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে এ আদেশ প্রধান উপদেষ্টা জারি করবেন।”
তিনি আরও বলেন, “স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় দলগুলোর ঐক্যমত হতে হবে। এর ওপর ভিত্তি করেই আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করবো। আদেশের টেক্সটের খসড়া আমরা আগে দেখতে চাই। প্রধান উপদেষ্টা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয়, বরং সরকার প্রধান হিসেবে তিনি সেটি জারি করবেন।”
নাহিদ ইসলাম বলেন, “গণভোট দ্বারা জনগণ সনদের পক্ষে ভোট দিলে পরের সংসদকে কনস্টিটিউট পাওয়ার দেওয়া হবে। সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে—এই দাবির সঙ্গে মোটামুটি সবাই একমত। এটার সংশোধনী হবে কি না, আমাদের কাছে কিন্তু তা এখনও স্পষ্ট হয়নি।”
তিনি আরও জানান, “জুলাই সনদে ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট হবে। এতে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে, তা আগেই চূড়ান্ত করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং আহ্বায়ক জাবেদ রাসিনসহ কেন্দ্রীয় নেতারা।
রিপোর্টারের নাম 























