আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইইউ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস এই পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে।
দায়িত্ব পাওয়ার পর ইভার্স ইজাবস বলেন, “বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই মিশন বাংলাদেশের জনগণের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী সমর্থনের একটি বাস্তব উদাহরণ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলটি আন্তর্জাতিক অঙ্গীকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করবে। তারা নির্বাচনের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করবে যাতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের চিত্র ফুটে ওঠে।
রিপোর্টারের নাম 



















