রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই ‘আনপ্রেডিকটেবল’। কখন কোন রোগের জটিলতা বেড়ে যায়, কিংবা কখন শারীরিক অবস্থার উন্নতি অথবা অবনতি হয়—তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে বিদেশে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনো তৈরি হয়নি তাঁর।
মেডিকেল বোর্ডের একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে জানা যায়, গত কয়েক দিনের তুলনায় গতকাল খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি কোনোটিই হয়নি। তাঁর শারীরিক জটিলতা কখন বেড়ে যায়, কিংবা কখন কমে যায়—কিছুই বলা যাচ্ছে না, যা মেডিকেল বোর্ডের সদস্যদের মতে অনেকটাই ‘আনপ্রেডিকটেবল’।
রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. জুবাইদা রহমানের সঙ্গে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিরতিহীনভাবে তাঁকে চিকিৎসাসেবা দিচ্ছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান হাসপাতালে সশরীরে উপস্থিত থেকে সমগ্র চিকিৎসার সমন্বয় করছেন।
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা দেওয়া হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্ট প্রদান অব্যাহত রয়েছে। তাঁর ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনে এই সাপোর্ট দেওয়া হচ্ছে।
মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষানিরীক্ষায় তাঁর স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা ধরা পড়ে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া। গত ২৭ নভেম্বর তাঁর একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পরে, যার নিবিড় চিকিৎসা চলছে। শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাংগাল ইনফেকশন) কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয় এবং এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে তাঁকে। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মেডিকেল বোর্ড ও তাঁর পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















