‘এখন ঢুকলে ভাই, বাইরেতে পারব না ভাই। আট-দশ বছর আমাকে বাইরে হতে দেবে না কেউ।’ আত্মসমর্পণ করলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে এ কথা বলেছেন চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। বুধবার চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে প্রায় ১০ মিনিটের ফোনালাপে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও রাজি হননি রায়হান। উল্টো পুলিশের অভিযান এড়িয়ে পালিয়ে যাওয়ার দাবি করে বলেছেন, তাঁকে খুঁজে পাওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে ৯ মিনিট ৫২ সেকেন্ডের ওই কথোপকথনের অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথম আলোকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন। কিন্তু রায়হান আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি না দিয়ে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। এ কারণে অবস্থান গোপন রেখে বারবার পুলিশের অভিযান এড়াতে পারছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজকে রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’ রায়হান আত্মসমর্পণ করলে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেন তারেক আজিজ। যত দিন তিনি দায়িত্বে থাকবেন, তত দিন রায়হানের কোনো সমস্যা হবে না বলেও জানান। এমনকি তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন।
একপর্যায়ে তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’ জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা তাঁর রয়েছে। তবে আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তাঁর ভাষ্য, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যায়। এরপর তাঁকে নিয়ে ঝামেলা তৈরি হয়। তাঁর কাছ থেকে তাঁর ভাই সব অস্ত্র নিয়ে নেন। আত্মসমর্পণের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি।
























