রাজনৈতিক বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাখিমারা গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হামিদ (৫৬) সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পাখিমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় আব্দুল হামিদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। মামলার তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাখিমারা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
























