সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, এই ‘সুইসাইড বোমায়’ শেখ হাসিনা নিজে নয়, বরং আওয়ামী লীগই ক্ষতবিক্ষত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, দেশে ফেরার ঘোষণার পর পরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হয়, তাঁর দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তাঁর নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আসিফ নজরুল বলেন, মনে হচ্ছে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন, তবে এই বোমায় আওয়ামী লীগই ধ্বংসের দিকে যাবে।

























