শেখ হাসিনার অপরাজনীতি ও কর্মকাণ্ডের কারণে তিনি আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন চিহ্নিত ও পলাতক সন্ত্রাসী হিসেবে গণ্য হচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দিবিনিময় চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো প্রান্তেই সন্ত্রাসীদের ঠাঁই হয় না এবং তাদের কোনো বৈধ পাসপোর্ট থাকে না। সিলেটে তো নয়ই, সমগ্র বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা দেওয়া হবে না। পলাতক সন্ত্রাসী শেখ হাসিনাকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে।’
হুমায়ুন কবির আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের সব ধরনের অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অপশক্তিকে চিরতরে বিদায় জানানোর আহ্বান জানান।

























