বাংলাদেশে ফ্যাসিস্টের স্থান দ্বিতীয়বার আর কখনোই হবে না বলে কঠোর মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই। যারা এমন অলীক স্বপ্ন দেখছে, তারা কেবল দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও খামারিদের মধ্যে ঋণের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ প্রশাসন, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ, সরকার এবং দেশের সাধারণ মানুষ সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিস্টদের যদি দেশে ফিরতে হয়, তবে অবশ্যই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ও বিচারে মুখোমুখি হতেই আসতে হবে। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার মানসিকতা থাকলে তাদের স্বাগত জানানো হবে, কারণ বাংলাদেশের মানুষ সেই অপশাসনের বিচার সম্পন্ন করতে চায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন করতে পারবেন। যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন খামারির মাঝে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

























