ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাতে কার্যকর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং দুর্গম এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের সহযোগিতা একান্ত কাম্য। কোনো ফেরারি আসামি বা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টা দেখলে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।


























