বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তাকে সরকারি আদেশে অবসরে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে তাঁদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে এবং ২০২৭ সালের ১ জুন থেকে তাঁদের অবসর কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা দুই কর্মকর্তার চাকরির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাঁদের অবসর দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাঁদের অবসর কার্যকর করা হয়েছে। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তারা বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


























