স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রক্ত দিলে শরীরের ক্ষতি হয়—এমন ভ্রান্ত ধারণা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের দেওয়া রক্ত আরেকজন মুমূর্ষু মানুষের জীবন রক্ষা করতে পারে। জরুরি মুহূর্তে যেন রক্তের সংকট না হয়, সেজন্য সংগ্রহ ও মজুত ব্যবস্থা শক্তিশালী করতে হবে।
সোমবার (২ নভেম্বর) ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এজন্য স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে রক্তের অভাবে কোনো রোগীর প্রাণহানি না ঘটে।
তিনি আরও যোগ করেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা ও বাহক শনাক্তকরণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে সন্ধানীসহ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রমের বিস্তার ঘটাতে সরকার সবসময় পাশে থাকবে।

























