গার্মেন্টস শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন মাঠপর্যায়ে নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বর্তমানে আন্দোলনের নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। শ্রমিকদের মূল দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠনের, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
সোমবার বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক ও মহাসড়ক অবরোধ করার পথে হাঁটেননি। গ্রেপ্তারকৃত মুখোশধারীদের অনেককে রাজপথে রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে, যা প্রমাণ করে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
এর আগে সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই বোর্ডের বৈঠক শুরু হবে এবং বাস্তবতার আলোকে ন্যূনতম মজুরি নির্ধারণে কাজ করবে বোর্ড।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমানের সুরক্ষায় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাদের প্রতি সহানুভূতির সঙ্গেই সব সিদ্ধান্ত নেওয়া হবে, তাই অযথা অসন্তোষ সৃষ্টির কোনো সুযোগ নেই। বৈঠকে শিল্প কারখানায় অস্থিরতা উসকে দেওয়ার পেছনে যুক্ত কতিপয় নামধারী সংগঠন ও স্বার্থান্বেষী মহলের তালিকাও আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।





















