ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন ৪ ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখায় জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় প্রতিনিধিরা জেলা প্রশাসক মোং আবু সাঈদের সাথে কথা বলে প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সদর ও বিজয়নগর উপজেলার অংশবিশেষ ভেঙে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, তবে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।






















