ভূমিকম্পের সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলায় সমন্বিত আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসন শিপলু জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত উদ্ধারকাজে অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, রাজউক, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। একই সঙ্গে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















