রাজিব পরিবহনের বাস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করার সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা।
এই অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ রুটে চলাচলকারী বাস ও ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
সোমবার দুপুর একটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় এই সড়ক অবরোধের ঘটনা ঘটে।
এর আগে চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসচাপায় নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলাম এবং গত ২ অক্টোবর দুপুরে নগরীর রহমতপুর বাইপাস সড়কে রাজিব পরিবহনের সাথে সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেন। এছাড়া পরিবহনটির অতিরিক্ত গতি ও একের পর এক দুর্ঘটনার কারণে এটি বন্ধের দাবি দীর্ঘদিনের।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা রাজীব পরিবহনের তিনটি বাস আটক করেন। পাশাপাশি পরিবহনটির রুট পারমিট বাতিল এবং দায়ী চালকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন অবরোধের সাড়ে তিন ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের মধ্যস্থতায় ও বুঝিয়ে বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

























