বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চারজন বিশিষ্ট নারী। রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ বছর বেগম রোকেয়া পদকের জন্য নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস পালন উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন এবং ১৯৩২ সালের এই দিনেই তিনি মারা যান। সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করেছিলেন তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
রিপোর্টারের নাম 























