বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে কোনোভাবে ঝুঁকিতে ফেলা যাবে না। টাকার খেলা বন্ধ করতে হবে। যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেওয়া যাবে না। রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা জরুরি।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, নির্বাচনকে বিতর্কিত করার কোনও অবকাশ নেই। ১৭ বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নির্বাচনে আসন সমঝোতা কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্য যে অবিশ্বাস অনাস্থা তৈরি হয়েছে, তা আর বাড়তে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরিকদের ঐক্যকে ধরে রাখা দরকার।
সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’তেই ভোট দেবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ ও কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী।
রিপোর্টারের নাম 
























