নোয়াখালী: মাদক ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব কোনো কিছুই মাদকবিরোধী অভিযানে বাধা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদু কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের শিকড় উপড়ে ফেলা হবে।
বুধবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন। তিনি আরও জানান, আগামী ১৬ আগস্ট থেকে দেশব্যাপী মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম ব্যাপক পরিসরে শুরু হবে।
ডিআইজি আবদু কুদ্দুছ চৌধুরী বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবার নয়, বরং একটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে দেয়। তাই মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করা হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, মাদক ব্যবসায়ীরা কোন দলের, তা বিবেচ্য নয়। মাদক ব্যবসায়ী মানেই অপরাধী এবং তাদের রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান বা প্রভাব কোনো কিছুই আইনের ঊর্ধ্বে নয়।
ডিআইজি আরও বলেন, মাদকের সঙ্গে সরাসরি জড়িতদের পাশাপাশি এর পেছনে থাকা অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত করতে হবে। ছোটখাটো বিক্রেতাদের গ্রেপ্তার করে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের সরবরাহ ব্যবস্থা, অর্থের উৎস এবং যারা বিভিন্নভাবে মাদক ব্যবসাকে সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তিনি স্পষ্ট করেন যে, মাদকবিরোধী অভিযান কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হবে না। অপরাধের সঙ্গে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
নোয়াখালী জেলা পুলিশ সুপার এম. এন. নাসিরুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশীদ আজাদ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম কিরণ, জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা মো. বোরহানউদ্দিন এবং নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লি উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















