বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণের জন্য সময়সীমা বাড়িয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত নতুন মৌসুমে অংশ নেওয়া দলগুলো লাইসেন্সিংয়ের শর্তগুলো পূরণের সুযোগ পাবে। এর আগে এই সময়সীমা ছিল ১১ আগস্ট পর্যন্ত।
অন্যদিকে, খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। যা পূর্বে ১৩ আগস্ট পর্যন্ত ছিল। এই বর্ধিত সময়সীমার ফলে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী ফিফার নিষেধাজ্ঞামুক্ত হওয়ার জন্য আরও সময় পেল। বাফুফের নতুন করে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তারা ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারে, তাহলে নতুন মৌসুমে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, মোট ১৪টি অভিযোগে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দলবদলের ওপর ফিফার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অন্যদিকে, নিষিদ্ধ থাকা আবাহনীর বিরুদ্ধে অভিযোগ মাত্র একটি। ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবও ফিফা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
রিপোর্টারের নাম 


















