শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই এই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। মামলার আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করে। সম্প্রতি ডিবি’র দাখিল করা প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশাকে হাজির হওয়ার নির্দেশ দেন।
গত বছরের ৫ নভেম্বর একই আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ করা হয় যে, তানজিন তিশা একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি গ্রহণ করেন। শাড়িটি পৌঁছে দেওয়ার পর তিনি সেটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। তবে, দীর্ঘ ১০ মাস অতিবাহিত হওয়ার পরও তিনি শাড়িটি পরিধান বা পেজ প্রমোশন করেননি এবং পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থেকেও বিরত থাকেন, যা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের শামিল বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে আদালত এই মামলার বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























